ছবি:সংগৃহীত
বিদ্যুৎ সরবরাহের দাবিতে ‘কারেন্ট চাই’ স্লোগান দিয়ে সিলেটের খাদিমপাড়া এলাকায় তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। এতে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
রোববার (৯ আগস্ট) রাতে খাদিমপাড়ার সামনে তামাবিল সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ না থাকার প্রতিবাদে কয়েকজন লোক সড়কে অবস্থান নিয়ে ‘কারেন্ট চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বাধাগ্রস্ত হয় এবং ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে সড়ক থেকে অবস্থানকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, বিদ্যুৎ সরবরাহ নিয়ে দুর্ভোগের কারণে ক্ষুব্ধ হয়ে তারা সড়কে অবস্থান নিয়েছিলেন। তবে পুলিশের হস্তক্ষেপে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়।
এদিকে, তামাবিল সড়কটি সিলেটের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হওয়ায় সাময়িক অবরোধে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




