ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মাছের ফিশারি থেকে ফজলু মিয়া (৩৫) নামে এক পাহারাদারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দক্ষিণ দীঘলবাক (কালানজুরা) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফজলু মিয়া একই ইউনিয়নের বুরাইয়া গ্রামের মৃত খনু খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালানজুরা গ্রামের আল আমিন (লিটন) এর মাছের ফিশারিতে পাহারাদার হিসেবে কাজ করতেন ফজলু মিয়া। প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি ফিশারিতে পাহারার দায়িত্বে ছিলেন।
রোববার সকালে স্থানীয়রা ফিশারির পশ্চিম পাশে পাহারাদারের থাকার জন্য নির্মিত টিনের ছাপড়া ঘরের সামনে ফজলু মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হলে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) বিন আমিন বলেন, ‘মরদেহে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।’
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু জানায়নি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




