ছবি:সংগৃহীত
সিলেট নগরীর প্রত্যন্ত ও প্রান্তিক এলাকাগুলোর অবকাঠামোগত উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। পর্যায়ক্রমে এসব এলাকায় সড়ক, ড্রেনেজ ও সড়কবাতিসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
রোববার (৯ আগস্ট) বিকেলে সিসিকের ৪২ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীরামপুর এলাকায় চলমান উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক শ্রীরামপুর প্রধান সড়কের দুই পাশে চলমান ড্রেন নির্মাণকাজ ঘুরে দেখেন। পাশাপাশি সড়কবাতি স্থাপনের কাজের অগ্রগতিও পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে কাজের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শ্রীরামপুর প্রধান সড়কের দুই পাশের ড্রেন নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। সড়কবাতি স্থাপনের কাজও প্রায় শেষ। দ্রুততম সময়ের মধ্যে এসব কাজ সম্পন্ন করে উদ্বোধন করা হবে। এরপর সড়ক উন্নয়নের কাজ শুরু করা হবে।
তিনি বলেন, নগরীর প্রত্যন্ত এলাকাগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক সমস্যায় ভুগছে। এসব এলাকার মানুষের নাগরিক দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সিসিক প্রশাসক আরও বলেন, নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করাই সিটি করপোরেশনের অন্যতম প্রধান লক্ষ্য। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, উন্নত সড়ক ও পর্যাপ্ত সড়কবাতি নিশ্চিত করার মাধ্যমে নগরীর মানুষের জীবনযাত্রা আরও সহজ ও নিরাপদ করতে সিসিকের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি কাজের মান বজায় রাখার নির্দেশ দেন।
পরিদর্শনকালে ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল আহমেদ, এমাদ আহমেদ বাচ্চু মিয়া, নেখাল আহমেদ, নুরেখ আহমেদ, বিএনপি সদস্য রানা আহমেদ, জাকারিয়া আহমদ, যুবদল নেতা রাজু আহমেদ, ৪২ নম্বর ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক তিতন আহমেদ, আব্দুল মালেক, সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




