সংগৃহীত
খুলনার রূপসায় যুবদল নেতা ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও কথিত শুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব-৬।গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৬-এর স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩, যশোর ক্যাম্পের যৌথ দল তাকে গ্রেপ্তার করে।র্যাব জানায়, গত ১২ আগস্ট রাতে রূপসা থানাধীন মেসার্স রূপসা ব্রিকসের অফিসে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।ঘটনার দিন পিস্তল দিয়ে ফখরুলকে গুলি করার বিষয়েও তিনি স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের নামও পাওয়া গেছে।উল্লেখ্য, গ্রেপ্তারকৃত ইব্রাহিমকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাব অভিযান অব্যাহত রয়েছে।
জৈন্তাবার্তা/ সুলতানা




