এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৯ AM

গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক

এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৬ ১১:৩১:২০ PM

এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত অ্যালামনাই এসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে। শনিবার (২২ আগস্ট) সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ও অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মোহাম্মদ সাহিদুল হক সোহেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ঋষিকেশ ঘোষ, গণিত বিভাগের প্রফেসর মো. গিয়াস উদ্দিন এবং গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি ও অভিষেক অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক লে. মো. মনিরুল ইসলাম।

এছাড়া বক্তব্য দেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও অ্যালামনাই দিলীপ চন্দ্র রায়, অভিষেক অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব দীপংকর দেব, মোহাম্মদ ফখরুল ওয়াহেদ চৌধুরী, মোহাম্মদ বিলাল আহমদ, মোহাম্মদ আবুল খায়ের, আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আবুল কালাম, সাদেক আহমদ সোহেল, গাজী আফরোজ বেগম বীথি, ফাহমিদা নাসরিন রুমি, ফয়সাল মাহমুদ সাকিব খান, আব্দুর রহিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘মুরারিচাঁদ কলেজ সিলেট অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির বাতিঘর। এমসি কলেজ তার অতীত ঐতিহ্য ধারণ করে জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। এই কলেজের গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।’

তিনি বলেন, ‘এই কলেজে লেখাপড়া করেছেন বাংলাদেশের সাবেক তিনজন অর্থমন্ত্রী। মুরারিচাঁদ কলেজ আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমরা আশাবাদী।’

গণিতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘গণিত কেবল একটি একাডেমিক বিষয় নয়; এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে যৌক্তিক ও পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর গঠনেও গণিত ও বিজ্ঞানের সঠিক প্রয়োগ অপরিহার্য।’

অ্যালামনাই এসোসিয়েশনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘অ্যালামনাই এসোসিয়েশন কেবল স্মৃতিচারণের প্ল্যাটফর্ম নয়, এটি বর্তমান শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া এবং সমাজ বিনির্মাণের একটি শক্তিশালী মাধ্যম। আপনাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা এমসি কলেজের গণিত বিভাগকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে।’

অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অভিষেক অনুষ্ঠানটি কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ