নাতিকে টাকা ধার না দিতে দাদার অভিনব মাইকিং
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ AM

‘লেনদেন করলে থানায় অভিযোগ’-এলাকাজুড়ে সতর্কবার্তা

নাতিকে টাকা ধার না দিতে দাদার অভিনব মাইকিং

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ১১:৩৩:৩৭ PM

নাতিকে টাকা ধার না দিতে দাদার অভিনব মাইকিং

ছবি:সংগৃহীত


নাতির ঋণের দায়ে অতিষ্ঠ হয়ে তাকে টাকা ধার না দিতে এলাকাবাসীকে সতর্ক করে অভিনব মাইকিং করেছেন ৭২ বছর বয়সী এক দাদা। শুধু তাই নয়, মাইকিংয়ের পরও কেউ তাঁর নাতির সঙ্গে আর্থিক লেনদেন করলে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান গ্রামের ব্যাপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ওই মাইকিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মাইকিং করা দাদার নাম মো. করম আলী ব্যাপারী (৭২) এবং তাঁর নাতি মো. মাহাবুব মিয়া (২২)। তাঁরা দুজনই উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান গ্রামের ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যাটারিচালিত একটি অটোরিকশায় চালকের পাশে বসে আছেন বৃদ্ধ করম আলী। অটোরিকশায় বাঁধা মাইক্রোফোনে একজন এলাকাবাসীকে উদ্দেশ্য করে সতর্কবার্তা প্রচার করছেন।

মাইকিংয়ে বলা হয়, পাইকান ব্যাপারীপাড়ার মো. করম আলী ব্যাপারীর নাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে কোনো দোকানদার যেন লেনদেন না করেন, তাকে কোনো ধরনের ধার না দেন এবং নিজের মোবাইল ফোনও তার হাতে না দেন। এ সতর্কবার্তার পরও কেউ তাঁর সঙ্গে লেনদেন করলে থানায় অভিযোগ করা হবে বলেও জানানো হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহাবুব মিয়া অল্প বয়সেই একাধিক বিয়ে করেছেন। তিনি বাজারের দোকানদারসহ বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিতেন এবং অনেক সময় দাদার পরিচয় ব্যবহার করে টাকা সংগ্রহ করতেন। পরে সেই টাকা পরিশোধের দায় এসে পড়ত দাদা করম আলী ব্যাপারীর ওপর।

দীর্ঘদিন ধরে নাতির এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েন করম আলী। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে নাতিকে আর কেউ যেন টাকা ধার না দেন-এমন সতর্কবার্তা দিয়ে পুরো এলাকায় মাইকিং করেন তিনি।

করম আলী ব্যাপারী বলেন, ‘বহুদিন ধরে সে আমার ওপর এ অত্যাচার করছে। মানুষের কাছ থেকে টাকা চেয়ে আনে, আর সেই টাকা আমাকে দিতে হয়। কয়েক দিন আগে জুয়া খেলে ৬০ হাজার টাকা হারিয়েছে। এর মধ্যে আমি ৫০ হাজার টাকা দিয়েছি। আরও ১০ হাজার টাকা দিতে না পারায় আমাকে অপমান করছে। বাজারে ছাগল বিক্রি করে সংসার চলে। এসব অত্যাচার আর সহ্য হয় না। তাই মাইকিং করেছি।’

বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন বলেন, মাহাবুব বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে সেই দায় দাদার ওপর চাপিয়ে দিতেন। এতে অতিষ্ঠ হয়েই করম আলী তাঁর নাতিকে আর টাকা ধার না দিতে এলাকাবাসীকে সতর্ক করে মাইকিং করেছেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী