ছবি:সংগৃহীত
ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং সিলেট নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার দাবিতে ৩০ মিনিটের অবস্থান কর্মসূচি পালন করেছে বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপিকস)।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বিমানবন্দর ও ট্রাফিক সিগন্যালে ভিক্ষুক ও হিজড়াদের একটি অংশ পথচারী ও যানবাহনের যাত্রীদের পথ আটকে অর্থ দাবি করছেন। প্রকৃত হিজড়া ও অসহায় ভিক্ষুকদের পাশাপাশি একটি চক্র নকল হিজড়া সেজে এবং সুস্থ-সবল ব্যক্তিরা ভিক্ষাবৃত্তির নামে মানুষের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, সাহায্যের নামে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে নগরবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং জনজীবনে দুর্ভোগ বাড়ছে। প্রকৃত অসহায় মানুষদের চিহ্নিত করে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া জরুরি।
তারা আরও বলেন, সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত বিভিন্ন স্থানে অবৈধ ভ্রাম্যমাণ ব্যবসা ও পার্কিংয়ের কারণে ফুটপাত ও সড়ক দখল হয়ে আছে। কোথাও ফুটপাত দিয়ে হাঁটার সুযোগ নেই, আবার কোথাও ফুটপাত ছাড়িয়ে মূল সড়কেও পণ্যের পসরা বসানো হয়েছে। নির্মাণসামগ্রী দীর্ঘদিন সড়ক ও ফুটপাতে ফেলে রাখায় জনদুর্ভোগ আরও বাড়ছে।
বক্তারা অভিযোগ করেন, ফুটপাত ও সড়ক দখলের কারণে নগরীতে যানজট দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এতে পথচারীদের চলাচলে যেমন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। নগরবাসীর পক্ষ থেকে বারবার আপত্তি জানানো হলেও দখলদারদের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না।
অবস্থান কর্মসূচি থেকে ভিক্ষুক ও হিজড়াদের যথাযথভাবে পুনর্বাসন এবং নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বিত উদ্যোগের দাবি জানানো হয়। বক্তারা বলেন, প্রশাসনের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগ থাকলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কারে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত এবং সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকসের সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন সিবিযুকসের বিভাগীয় কমিটির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম।
৩০ মিনিটের অবস্থান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন সিবিযুকসের বিভাগীয় কমিটির সভাপতি মো. আজিজুর রহমান আজিজ।
এ সময় বক্তব্য দেন সিবিযুকসের বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, সহসভাপতি রোকনে আলম চৌধুরী, অবিনাশ চন্দ্র দাস, এম. এ. আলী জালালাবাদী, সহঅর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, সহদপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, ওসমানীনগরের কৃতী সন্তান ক্বারী মো. ইসহাক আলী, সিবিযুকসের সিলেট মহানগর কমিটির সদস্য মো. জুয়েল মিয়া, সেবুল আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজসচেতন নাগরিকরা।
বক্তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




