সংগৃহীত
সুনামগঞ্জের বিশ্বখ্যাত পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণে গিয়ে পানিতে ডুবে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজার ঘাট এলাকায় হাউসবোট থেকে হাওরের পানিতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহীর শাহমখদুম উপজেলার মধ্যম ওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ১০ বন্ধুর একটি দল সুনামগঞ্জের হাওর ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে তাহিরপুরে আসেন। পরে তারা একটি হাউসবোট ভাড়া করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে বের হন। বৃহস্পতিবার সকালে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও মালামাল কেনার জন্য হাউসবোটটি লামাগাঁও বাজার ঘাটে নোঙর করা হয়।
হাউসবোটটি ঘাটে নোঙর করার পর দলের কয়েকজন সদস্য বাজারে যান। এ সময় পিকলু নৌকার ছাদ থেকে গোসল করার উদ্দেশ্যে হাওরের পানিতে ঝাঁপ দেন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি পানির ওপরে ভেসে না ওঠায় তার বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও জেলেরা তাকে উদ্ধারে তল্লাশি শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর পানির নিচ থেকে পিকলুর নিথর দেহ উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসা পর্যটকদের পানিতে নামার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে প্রশাসন।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




