হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াহাটি বাজার এলাকায় সংরক্ষিত বন থেকে অবৈধভাবে কেটে পাচারের সময় প্রায় ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ বাঁশসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে বন বিভাগ।
রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রঘুনন্দন রেঞ্জের অধীন জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে বাঁশবোঝাই মিনি ট্রাকটি জব্দ করা হয়। জব্দ করা ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৬-৮০৬৩।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে নোয়াহাটি বাজার এলাকার সড়কে অভিযান চালান জগদীশপুর বিট কাম চেক স্টেশনের বনকর্মীরা। এ সময় সংরক্ষিত বন থেকে কেটে আনা বিপুল পরিমাণ বাঁশ বোঝাই মিনি ট্রাকটি থামানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধারকৃত বাঁশের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বন বিভাগ। পরে স্থানীয়দের সহযোগিতায় মিনি ট্রাকটি উদ্ধার করে জগদীশপুর ফরেস্ট বিট কাম অফিসে হেফাজতে রাখা হয়।
বাঁশসহ মিনি ট্রাক জব্দের বিষয়টি নিশ্চিত করে জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশনায় সংরক্ষিত বনের সম্পদ রক্ষায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ কর্মকাণ্ডের খবর পাওয়ামাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন উজাড়কারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন বনাঞ্চল থেকে রাতের আঁধারে বালু, গাছ ও বাঁশ কেটে পাচার করছে একটি চক্র। বনাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, গাছ কাটা ও বাঁশ পাচারের কারণে প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে বলেও অভিযোগ করেন তারা।
জৈন্তাবার্তা/আরআর




