ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ সংস্কৃতির বিকাশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মিতালী ফুটবল একাডেমি, বালিউরা বাজার।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নরসিংপুর ইউনিয়নের বালিউরা বাজার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ও জার্সি উন্মোচনের মধ্য দিয়ে একাডেমিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা. হারুন অর রশীদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নোয়ারাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল আবেদিন আবুল, দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাবুদ্দীন সিহাব এবং বালিউরা বাজার কমিটির সহ-সভাপতি মাওলানা সাইফুর রহমান।
মো. শাহ আলমের সভাপতিত্বে এবং একাডেমির পরিচালক সাজিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মিতালী ফুটবল একাডেমি ও জামালগঞ্জ হাওর কিংস এফসির মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় মিতালী ফুটবল একাডেমি ৩-১ গোলে জয়লাভ করে।
এ সময় ইউপি সদস্য আব্দুল হেকিম, ডা. আলী হোসেন, ডা. সাইফুর রহমান, কোচ মনোয়ার আলী মনরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং এলাকায় ক্রীড়া ও সুস্থ সংস্কৃতির চর্চা বাড়ানোই মিতালী ফুটবল একাডেমির অন্যতম লক্ষ্য।
বক্তারা একাডেমির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মিতালী ফুটবল একাডেমির কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




