ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় চিংড়ি মাছে ক্ষতিকর জেলি ব্যবহার এবং একটি বেকারিতে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল নতুন বাজার ও সিন্দুরখান রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমানের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে শ্রীমঙ্গল নতুন বাজারে বিক্রির জন্য রাখা চিংড়ি মাছে ক্ষতিকর জেলি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় দুই বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
পরে সিন্দুরখান রোডের ভিআইপি বেকারিতে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়মের সত্যতা পাওয়া যায়। এর মধ্যে নন-ফুড গ্রেড রং ব্যবহার, উৎপাদিত কিছু পণ্যে মেয়াদের তথ্যসংবলিত লেবেল না থাকা, নকল হরলিক্স বিস্কুট উৎপাদন, কয়েকটি পণ্যে উৎপাদনের তারিখ হিসেবে পরবর্তী দিনের তারিখ উল্লেখ এবং অপরিচ্ছন্ন ও ময়লাযুক্ত ট্রেতে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া বেকারিতে উৎপাদিত ৩৭টি পণ্যের মধ্যে ৩৪টিরই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদন না থাকার বিষয়টি ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলা কার্যালয়ের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জনস্বার্থে ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




