সংগৃহীত
একজন আইনজীবীর চেম্বার ও তত্ত্বাবধানে একই সময়ে সর্বোচ্চ আটজন শিক্ষানবিশ আইনজীবী নেওয়া যাবে। তবে প্রত্যেক শিক্ষানবিশকে সংশ্লিষ্ট আইনজীবীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্ধারিত ছয় মাসের শিক্ষানবিশকাল যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে নির্দেশনা দিয়েছে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।সম্প্রতি বাংলাদেশ বার কাউন্সিলের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন বার কাউন্সিলের উপপরিচালক (প্রশাসন) সারমিন সুলতানা রাব্বী।
বিজ্ঞপ্তিটি দেশের সব আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী সমিতির নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিটি প্রদর্শন এবং সব সদস্যকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, Bangladesh Legal Practitioners and Bar Council Order and Rules, 1972-এর বিধি ৬০(৩)(i) অনুযায়ী একজন আইনজীবী একই সময়ে নির্ধারিত সংখ্যক শিক্ষানবিশ গ্রহণ করতে পারেন। এ ছাড়া প্রত্যেক শিক্ষানবিশকে নির্ধারিত ছয় মাসের Pupilage যথাযথভাবে সম্পন্ন করা বাধ্যতামূলক।তবে পরবর্তীতে বাংলাদেশ বার কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, একজন আইনজীবী একই সময়ে সর্বোচ্চ আটজন শিক্ষানবিশ গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষানবিশদের প্রত্যেককে সংশ্লিষ্ট আইনজীবীর চেম্বারে থেকে বা নিয়মিত উপস্থিত হয়ে তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষানবিশকালীন একজন নবীন আইনজীবী অভিজ্ঞ ও সিনিয়র আইনজীবীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া, মামলা পরিচালনার কৌশল, পেশাগত আচরণ ও নৈতিকতা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পান। পাশাপাশি আইনজীবী হিসেবে প্রয়োজনীয় আইনগত জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও পেশাগত সক্ষমতা অর্জন করাই Pupilage-এর মূল উদ্দেশ্য।
কিন্তু কোনো কোনো ক্ষেত্রে শিক্ষানবিশরা সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবীর চেম্বারে নিয়মিত উপস্থিত থেকে এবং তার তত্ত্বাবধানে ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ না করেই নির্ধারিত শিক্ষানবিশকাল সম্পন্ন করছেন বলে বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির কাছে প্রতীয়মান হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের প্রক্রিয়ায় Pupilage-এর মূল উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাহত হওয়ার পাশাপাশি নবীন আইনজীবীদের প্রয়োজনীয় আইনগত জ্ঞান, ব্যবহারিক অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও নৈতিক মানদণ্ড অর্জনের সুযোগও সীমিত হয়ে পড়ে।এ অবস্থায় প্রচলিত আইন, বিধি-বিধান ও পেশাগত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে নির্ধারিত ছয় মাসের Pupilage কার্যকর, বাস্তবভিত্তিক ও অর্থবহভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত সব আইনজীবী ও শিক্ষানবিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
জৈন্তাবার্তা/ সুলতানা




