ছবি:সংগৃহীত
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় আহত সাংবাদিক রেজা রুবেলকে দেখতে হাসপাতালে গেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের অনুরোধ জানান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেট নগরের নুরজাহান হাসপাতালে রেজা রুবেলকে দেখতে যান সিসিক প্রশাসক। এ সময় হাসপাতালের চেয়ারম্যান ডা. নাসিম আহমেদসহ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার (২৮ অক্টোবর) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বিরোধের ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার হন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের সাংবাদিক নিবেন্দু তালুকদার।
সাংবাদিকদের অভিযোগ, ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে রেজা রুবেলের মাথায় গুরুতর আঘাত লাগে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




