ছবি:সংগৃহীত
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ মো. শওকতুল ইসলাম বলেছেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার ও বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা প্রয়োজন।
রোববার (১ নভেম্বর) দুপুর ১টায় মৌলভীবাজারের কুলাউড়ার ঝিমাই চা বাগানের ফ্যাক্টরি এলাকায় শ্রমিকদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাগান পঞ্চায়েতের সাবেক সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ঝিমাই চা বাগান স্কুলের সহকারী শিক্ষক আব্দুল কাদির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, ঝিমাই চা বাগানের ব্যবস্থাপক কবির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, ইউপি সদস্য জমির আলী, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাহেল মিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, জেলা ছাত্রদলের সদস্য সালমান হোসাইন, ওয়ার্ড বিএনপির সভাপতি হাসু মিয়া ও সাধারণ সম্পাদক কামাল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ঝিমাই চা বাগানের শ্রমিকেরা সংসদ সদস্য শওকতুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




