সংগৃহীত
সরকারি চাকরিতে স্বচ্ছতা, জবাবদিহিতা, কার্যকারিতা ও গতিশীলতা নিশ্চিতকরণের মাধ্যমে জনসেবা আরও বেগবান করার লক্ষ্যে ‘সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিসভা কমিটির সভাপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় কমিটির সদস্য জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নের সার্বিক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। আলোচনা শেষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২০২৬-২০২৭ অর্থবছরের সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি পর্যালোচনা করা হয়।
একই সাথে বিগত ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত জিপিএম এসের সার্বিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে সুশাসন প্রতিষ্ঠা, সরকারের নীতি (পলিসি) অনুযায়ী সময়াবদ্ধ পরিকল্পনা প্রণয়ন এবং অর্পিত লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পরিবীক্ষণ (মনিটরিং) ও মূল্যায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
জৈন্তাবার্তা/ সুলতানা




