সংগৃহীত
মরমী কবি রাধারমণ দত্তের ১১১তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার( ১ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও লোককবি রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যৌথ আয়োজনে এই সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং ইউআরসি ইন্সট্রাক্টর আহসান হাবিবের পরিচালনায় সভায় আগামী ৯ ও ১০ নভেম্বর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই দিনব্যাপী প্রয়াণ দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভায় বক্তারা বলেন, মরমী সাধক রাধারমণ দত্ত শুধু জগন্নাথপুর বা বাংলাদেশের নন, তিনি বিশ্ববাসীর সম্পদ। তাঁর অমর সৃষ্টি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, থানার ওসি মোখলেছুর রহমান, শিল্পকলা একাডেমির অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, বাউল শিল্পী বাবুল শাহ প্রমুখ।
জৈন্তাবার্তা/ সুলতানা




