সিলেটসহ দেশে গ্যাসের চাপ কম থাকবে আজ থেকে টানা চার দিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

মহেশখালীর এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ,

সিলেটসহ দেশে গ্যাসের চাপ কম থাকবে আজ থেকে টানা চার দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ১২:৪৯:২৩ পূর্বাহ্ন

সিলেটসহ দেশে গ্যাসের চাপ কম থাকবে আজ থেকে টানা চার দিন

ছবি:সংগৃহীত


কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে বুধবার (৪ নভেম্বর) থেকে টানা চার দিন গ্যাস সরবরাহ কম থাকবে। এতে সিলেটসহ সারা দেশে গ্যাসের চাপ কমে যেতে পারে।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম জানান, গ্যাস লাইনের রক্ষণাবেক্ষণকাজের কারণে চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে। তবে আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। এ সময় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপের সমস্যা দেখা দিতে পারে।

এর আগে পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। ফলে সারা দেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

উল্লেখ্য, আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর মধ্যে একটি টার্মিনালে রক্ষণাবেক্ষণকাজ চলবে। এর আগে গত বছরের ডিসেম্বরেও সামিটের টার্মিনালে একই ধরনের রক্ষণাবেক্ষণকাজ করা হয়েছিল।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ