ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওয়ারের ওপর একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ছাড়া আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট কাজ করছে বলে ফায়ার সার্ভিসের অপেরশনার ম্যানেজার আনিসুর রহমান ও এরশাদ হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে রোববার (১৯ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া টানা ৪৮ ঘণ্টার হরতালে বাস চলাচল স্বাভাবিক রাখতে মালিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। হরতাল চলাকালে যদি কোনো বাস ক্ষতিগ্রস্ত হয় তবে সেটির ক্ষতিপূরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন বলে আশ্বাস দিয়েছে মালিক সমিতি।
উল্লেখ্য, রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।
এম সি




