ছবি: সংগৃহীত
রাজধানীর রায়েরবাগে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল বাতেন নিহত হয়েছেন। তিনি গেন্ডারিয়া থানায় কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
বাতেনকে (৪৫) হাসপাতালে নিয়ে আসা ট্রাফিক পুলিশ সদস্য মো. নাসরুল জানান, রায়েরবাগ বাসস্ট্যান্ডে পুলিশের পোশাক পরিহিত বাতেন মোটরসাইকেল নিয়ে পড়েছিলেন। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আনার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকজনের কাছে তিনি শুনতে পেরেছেন, ওই পুলিশ কর্মকর্তা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়।
এদিকে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম ফরমান আলী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, রায়েরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য মারা গেছেন। তবে কোন গাড়ি ধাক্কা দিয়েছে এখনও তা নিশ্চিতভাবে জানা যায়নি।
নিহতের স্ত্রী ফারজানা আক্তার ঝর্ণা জানান, তাদের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার আউলিয়াকান্দা গ্রামে। বর্তমানে এক ছেলে ও দুই মেয়েসহ নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকায় থাকেন। তার স্বামী বাতেন দুপুরে বাসা থেকে বের হন তার কর্মস্থল গেন্ডারিয়া থানায় যাওয়ার উদ্দেশে। এরপর রাতে ঢাকা মেডিকেল থেকে দুর্ঘটনার খবর শুনতে পান তিনি।
এম সি




