ছবি: সংগৃহীত
খুলনার বটিয়াঘাটায় এক অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা এবং তার স্ত্রী ও মেয়েকে অচেতন করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় একজন ওই তরুণীকে ধর্ষণ করে। ভুক্তভোগী তরুণীকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার কৈয়া বাজারের পাশে ঘোলা গ্রামে এ ঘটনা ঘটে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সোমবার রাত আড়াইটার দিকে ৩ জন দুর্বৃত্ত ঘোলা গ্রামের একটি বাড়ির ছাদের সিঁড়িঘর দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে গৃহকর্তাকে একটি কক্ষে অচেতন করে রাখেন, আর তার স্ত্রীকে অচেতন করে লেপ পেঁচিয়ে রান্নাঘরে নিয়ে রাখেন। এরপর একইভাবে অচেতন করে একজন তার মেয়েকে ধর্ষণ করে।
তিনি জানান, ধর্ষণের পর দুর্বৃত্তরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং র্যাব ও সিআইডির টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দস্যুতা ও ধর্ষণের অভিযোগে হরিণটানা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
এম সি




