নবীগঞ্জে দুর্বত্তের দেয়া আগুনে পুড়ে ছাই প্রাইভেট কার।
হবিগঞ্জের নবীগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫ লক্ষ টাকা দামের একটি প্রাইভেট কার।
সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম নজরুল ইসলাম চৌধুরীর পুত্র, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডা: নিজামুল ইসলাম চৌধুরীর বাড়ির উঠানে রাখা তার নিজের প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-১৪-২২৯৩) আগুন দেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) হয়েছে।
নিজামুল ইসলাম জানান, প্রতিদিনের মতো তিনি কারটি রাত ৯ টার সময় বাড়ির উঠানে রেখে ঘুমিয়ে পড়েন। ভোর ৫ টায় আগুন দেখে ঘুম থেকে উঠে চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে এসে দীর্ঘ ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে সম্পূর্ণ গাড়িটি আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মাসুক আলী জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি উদঘাটনে চেষ্টা চলছে।
জৈন্তাবার্তা/জেএ




