সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে যুবক খুন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৭ PM

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে যুবক খুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৮:৫০:৩১ AM

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে যুবক খুন

ছবি : সংগৃহিত


নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্ন ইউনিয়নে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে তর্ক-বির্তকের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন সৌরভ (২০) নামের যুবক খুন হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

সোমবার দুপুর ২টার দিকে বাঁধের হাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন সৌরভ নোয়ান্ন ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের আবদুল আউয়ালের ছেলে। আহতরা হচ্ছেন- একই ইউনিয়নের রতনপুর গ্রামের জাফর আহমেদের ছেলে নাজিম উদ্দিন (১৮), মনিরের ছেলে রাকিব (২৫) ও রিয়াজ (২১) এবং হারুনুর রশিদের ছেলে রাকিব (২৪)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে বাঁধেরহাট বাজারে সক্রিয় হয়ে উঠে একাধিক কিশোর অপরাধী গ্রুপ। প্রায়ই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এমন দুটি গ্রুপের মধ্যে সিনিয়র-জুনিয়র ও তুই-আপনি বলা নিয়ে কয়েক দিন আগে দ্বন্দ্ব হয়।

এর জেরে সোমবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দুটি পক্ষের অন্তত ১৫-২০ জন বাজারে এসে একপক্ষ অন্যপক্ষকে ধাওয়া করে। এতে উভয়পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পালটা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের সাজ্জাদ হোসেন সৌরভ, নাজিম উদ্দিন, রাকিব হোসেন, রিয়াজ ও রাকিব নামে ৫ জন ছুরিকাঘাতে আহত হয়।

পরে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করে। অপর চারজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ঘটনাটি সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা মূল গ্রুপিং কিংবা কে ছুরিকাঘাত করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে দুইজনকে নজরদারিতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/জেএ