ছবি: সংগৃহীত
বিশ্ব ইজতেমা মাঠে অগ্নি নিরাপত্তা দিতে প্রতিটি খিত্তায় দুজন করে ফায়ার ফাইটার মোতায়েন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এছাড়া নৌ দুর্ঘটনা প্রতিরোধে তুরাগ নদীতে রাখা হয়েছে রেসকিউ স্পিড বোট ও ডুবুরি দল।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘পুরো ইজতেমা ময়দান ৩৫৭ জন অগ্নি নিরাপত্তার দায়িত্বে আছেন। তাৎক্ষণিক অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় প্রতি খিত্তায় ফায়ার এক্সটিংগুইসার, ফায়ার হুক ও ফায়ার বিটারসহ দুজন করে ফায়ার ফাইটার দায়িত্ব পালন করবেন।’
‘এছাড়া অগ্নিনিরাপত্তা ও ইজতেমা ময়দান পর্যবেক্ষণে রাখার জন্য বিভিন্ন স্থানে তিনটি ফায়ার নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। ইজতেমা ময়দানে ফায়ার সার্ভিসের সেবা পেতে ০১৯০১০২০৮৬৬ এই মোবাইল নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করা যাবে।’
তালহা বিন জসিম আরও বলেন, ‘ইজতেমায় দ্রুত অগ্নি নির্বাপণের জন্য তুরাগ নদীসহ ময়দানের চারপাশে দিনরাত ২৪ ঘণ্টা ১৪টি পোর্টেবল পাম্প প্রস্তুত রাখা হয়েছে।’
এছাড়াও ময়দানের বিভিন্ন স্থানে তিনটি পানিবাহী গাড়ি, রোগী পরিবহনে চারটি অ্যাম্বুলেন্স, টু হুইলার, রেসকিউ কমান্ড ভেহিকল প্রস্তুত রয়েছে। নৌ দুর্ঘটনা প্রতিরোধে তুরাগ নদীতে রেসকিউ স্পিড বোট ও ডুবুরি দল রাখা হয়েছে। এছাড়া টঙ্গী, উত্তরা ও জয়দেবপুরের ফায়ার স্টেশনগুলো ইজতেমাকালীন স্ট্যান্ডবাই থাকবে বলেও জানান তিনি।
এম সি




