ছবি: সংগৃহীত
বগুড়া জেলা কারাগারের ওয়াশরুম থেকে ইকবাল হোসেন (২২) নামে ধর্ষণ মামলার এক আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কারা কর্তৃপক্ষ। শনিবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি রোববার (১১ ফেব্রুয়ারি)নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন।
বগুড়ার সোনাতলা থানায় দায়ের হওয়া মামলায় চলতি বছরের ৪ ফেব্রুয়ারি থেকে জেলা কারাগারে বন্দি ছিলেন ইকবাল। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মুকুন্দপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। পেশায় তিনি শ্রমিকের কাজ করতেন।
সোনাতলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ছিল ইকবালের বিরুদ্ধে। গত ৩ ফেব্রুয়ারি স্কুলছাত্রীর বাবা সোনাতলা থানায় মামলা করেন। ওই মামলায় রাতেই ইকবালকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ইকবালের বিরুদ্ধে সোনাতলা থানায় আরও একটি ধর্ষণ ও হত্যা মামলা রয়েছে।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, গতকাল বিকেল ৫টার দিকে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে (ইকবাল) ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ দুপুরে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এম সি




