ছবি : সংগৃহিত
গৃহকর্মী প্রীতি ওরাং-এর ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগে দায়ের করা মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নাজমুল হাসান তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
আসামিপক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, প্রীতির মৃত্যুর ঘটনা তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রীতি ওরাং-কে হত্যার দায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুল ইসলাম ও তার স্ত্রী এড়াতে পারেন না। আশফাকুল ইসলাম প্রীতি নিহতের ঘটনার দায় এড়াতে প্রভাব খাটিয়েছেন।
জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ওই বাসার নিচতলার গ্যারেজের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় প্রীতি ওরাংকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান বাসার কেয়ারটেকার। এ ঘটনায় নিহত প্রীতির বাবা লুকেশ ওরাং বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।
জৈন্তাবার্তা/জেএ




