প্রতিকী ছবি
সারাদেশে একযোগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষায় অংশ গ্রহণ করেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুফ হাসান নামের এক শিক্ষার্থী। তবে সবার মতো পরীক্ষার হলে বসে নয়, কারাগারে বসে পরীক্ষা দিয়েছে এই শিক্ষার্থী।
মারুফ হাসান উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মারুফ হাসান নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছে। কারাগারে থাকলেও সে ওখানে বসে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের নিকট আবেদন করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে দেন।
দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, শিক্ষার্থী মারুফ হাসানের পরীক্ষার কেন্দ্র ছিল উপজেলার পাঁচগাছিয়া উচ্চ বিদ্যালয়ে। সে কাউয়াদি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ওই শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছে। কারাগার থেকেই সে পরীক্ষায় অংশগ্রহণ করছে।
জৈন্তাবার্তা/জেএ




