প্রতিকী ছবি
মৌলভীবাজারে পাওনা টাকা নিয়ে হওয়া দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জেলার রাজনগর উপজেলার উত্তর মুন্সিবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় করা মামলার আসামি দুই ভাইকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত অটোরিকশাচালকের নাম ছোয়াব আলী (৩৮)। তিনি মুন্সিবাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামের নোয়াব আলীর ছেলে। গ্রেপ্তার দুই ভাই হলেন কাসেম আলী ও তাঁর ভাই কোহিনুর মিয়া। তাঁরা মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মুন্সিবাজারে অটোরিকশাচালক ছোয়াব আলীর সঙ্গে পাওনা টাকা নিয়ে দুই ভাই কাসেম আলী ও কোহিনুর মিয়ার কথা-কাটাকাটি হয়। ছোয়াব আলীর কাছে তাঁরা টাকা পেতেন। কথা-কাটাকাটির একপর্যায়ে ছোয়াব আলীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান দুই ভাই। পরে স্থানীয় লোকজন ছুরিকাহত ছোয়াব আলীকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় ছোয়াব আলীর ভাই মোসাহিদ মিয়া বাদী হয়ে দুজনকে আসামি করে সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাজনগর থানায় মামলা করেন। পরে মামলার আসামি দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ।
রাজনগর থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মাযহারুল আনোয়ার গণমাধ্যমকে বলেন, টাকাপয়সার লেনদেন নিয়ে দুই ভাই ছোয়াব আলীকে আক্রমণ করেছেন। এ ঘটনায় জড়িত দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




