প্রতিকী ছবি
ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
যুবকের নাম মো. নিশাদ (২৫)
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর খিলক্ষেতের কুড়িলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মো. আজিজ বলেন, বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের উদ্দেশে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি যখন কুড়িল পার হচ্ছিল তখন একজন যুবক কুড়িল (বিশ্বরোড) এয়ারপোর্ট রোড থেকে কুড়িল রেললাইনটি পার হচ্ছিলেন। আশেপাশের অপেক্ষমান অনেক মানুষ তখন চিৎকার করে তাকে নিষেধ করছিল। কিন্তু কানে হেডফোন থাকায় হয়ত তিনি শুনেনি। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরেক প্রত্যক্ষদর্শী নূর ফাতেমা মুন্নী বলেন, আমি কুড়িল কাজীবাড়ির পাশের দিকটায় ট্রেন যাওয়ার অপেক্ষায় ছিলাম। হঠাৎ লোকজনের চিৎকার শুনে তাকিয়ে দেখি এক যুবক হুড়োহুড়ি করে রেললাইন পার হচ্ছিল। ট্রেনে কাটা পড়ার ৫-৭ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।
রেলওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক সানু মং বলেন, সাড়ে ১২টার দিকে জয়ন্তিকা এক্সপ্রেসে কাটা পড়ে মো. নিশাদ নামে ২৫ বছরের একজন যুবকের মৃত্যু হয়। তিনি কুড়িলের জমজ রোডে থাকেন। সাদ মুসা সিটি সেন্টার অফিসে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। কুড়িল থেকে এয়ারপোর্ট রোডে উঠার সংযোগ সড়ক সংলগ্ন রেলওয়ে পিলার নম্বর ১৩৭/৫ কাছাকাছি তিনি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জৈন্তাবার্তা/জেএ




