ফাইল ছবি
হবিগঞ্জের হাওরাঞ্চল বেষ্টিত লাখাই উপজেলার ১নং ইউনিয়নের কামালপুর গ্রামের এক মাদ্রাসার ছাত্র ঢাকার কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। নিহত মাদ্রাসার ছাত্র মোনায়েল আহমেদ ইমরান এর বাবা সোয়াব মিয়া মাতা সহ জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করে হাড়ি-পাতিলের ব্যবসা করতেন। সম্প্রতি সেখানে বেড়াতে যায় লাখাই উপজেলার জিরুন্ডা মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র মোনায়েল আহমেদ ইমরান। গত ২১ জুলাই আন্দোলন সময় সে গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
পরে তার পরিবারের লোকজন ২২ জুলাই লাখাই উপজেলার হাওরাঞ্চল কামালপুরে নিয়ে আসে, যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি , জানা গেছে পাশ্ববর্তী নাসিরনগর উপজেলার রামপুর কবরস্থানে তাকে দাফন করেন।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর মিয়া বলেন, 'ঢাকায় তার পিতা হাড়ি-পাতিলের ব্যবসা করার সুবাধে সেখানে বেড়াতে যায় জিরুন্ডা মাদ্রাসার ছাত্র ইমরান। এতে আন্দোলন চলাকালে সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে শুনেছি।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের গণমাধ্যমে বলেন, 'পত্রিকায় তার ছবি প্রকাশিত হলে বিষয়টি আমরা অবগত হই। পরে তার পরিবারের সাথে যোগাযোগ করলে তারা জানান, সে ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তিনি আরো বলেন পরিবারের লোকজন জানিয়েছেন তার লাশ দাফন করেছেন।
জৈন্তা বার্তা / টিটু




