ভারতের তামিলনাড়ুর হোসুরে টাটার আইফোন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।রয়টার্স জানিয়েছে, দ্য টাটা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড (টিইপিএল) আইফোনের যন্ত্রাংশ নির্মাণ করে। অগ্নিকাণ্ডের ফলে কারখানার কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, ওই কারখানার মোবাইল ফোন উৎপাদন ইউনিটে প্রথম আগুন লাগে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
এক বিবৃতিতে টাটা ইলেকট্রনিক্স বলেছে, ঘটনার সময় কারখানায় ১,৫০০ জন শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার পর দ্রুতই সবাইকে সরিয়ে নেওয়া হয়। প্রথম দিকে কারখানার প্রশিক্ষিত কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। এর কিছু সময় পর তাদের সঙ্গে ফায়ার সার্ভিস যোগ দেয়।
টাটা ইলেকট্রনিক্সের মুখপাত্র বলেছেন, “আমরা আমাদের কর্মী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব।”
জৈন্তাবার্তা / রহমান