মৌলভীবাজার জেলার বড়লেখায় ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি ছেলে নোমান হোসেনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নোমান হোসেন (২৭) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পূর্ব হাতলিয়া (কলাজুড়া) গ্রামের মৃত মামুন মিয়ার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি যৌথ আভিযানিক দল বুধবার রাত ৮টায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন দেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর রাত ১০টার দিকে বড়লেখা থানার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুড়া গ্রামে নোমানের সঙ্গে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিল। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় নোমানের বাবা মামুন মিয়া এতে রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে মামুন মিয়ার সঙ্গে তার ছেলে নোমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করেন নোমান। এতে মামুন মিয়া গুরুতর আহত হন। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের অপর ছেলে বাদী হয়ে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জৈন্তা বার্তা/আরআর




