জামালগঞ্জে বিষপানে তিন শিশুর মৃত্যু, মায়ের অবস্থা আশঙ্কাজনক
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৪ AM

পারিবারিক কলহের জের

জামালগঞ্জে বিষপানে তিন শিশুর মৃত্যু, মায়ের অবস্থা আশঙ্কাজনক

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৩ ০২:৩২:৫২ AM

জামালগঞ্জে বিষপানে তিন শিশুর মৃত্যু, মায়ের অবস্থা আশঙ্কাজনক

ফাইল ছবি


সুনামগঞ্জের জামালগঞ্জে স্বামীর উপর অভিমান করে তিন সন্তানসহ এক নারী বিষপান করেছেন। হাসপাতালে নেওয়ার পর তিন সন্তানকে মৃত ঘোষণা করা হয়েছে। মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (২৪ সেপ্টেম্বর) জামালগঞ্জের ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় যমুনা খাতুনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তিন শিশুসন্তান হলো- সাকিবা আক্তার (১৪), তামজিদ হোসেন (১৩) ও সাহেদ হোসেন (৭)। নিহতরা, শান্তিপুরের জাহাঙ্গীর আলমের সন্তান।

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

যমুনা খাতুনের স্বজনরা জানান, শনিবার রাত থেকে স্বামী জাহাঙ্গীরের সঙ্গে স্ত্রী যমুনার ঝগড়া হচ্ছিল। এর জের ধরে রোববার সকাল ৯টার দিকে যমুনা তিন সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে তিন সন্তানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে হাসপাতালে ৪ জনকে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে ৩ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেটে পাঠানো হয়েছে। সঙ্গে থাকা লোকজনকে জিজ্ঞাসা করে জানা গেছে তারা বিষপান করেছেন।

জামালগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার দাস বলেন, পারিবারিক কলহে জেরে তিন শিশুসহ মায়ের বিষপানের ঘটনায় স্বামী জাহাঙ্গীরকে আটকের চেষ্টা চলছে।

SH