ছবি : নিজস্ব
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা ৩৬টি গরু, ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৮জন চোরাকারবারি আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুনপাড়া গ্রামের মৃত আব্দুল মনাফের পুত্র মোঃ জামাল মিয়া উরুফে জালাল (৫০), মৃত মখলিছ আলীর পুত্র মোঃ আলা উদ্দিন আলাল (৩০), মোঃ ছোয়াব আলীর পুত্র বাবুল হোসেন (২৮), ভবানীপুর (জাঙ্গালা পাড়া) গ্রামের সৈরত আলীর পুত্র আব্দুল বাছির মিয়া (৩৮)কে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজতে থাকা ১৪টি বিভিন্ন রং ও সাইজের ভারতীয় গরু উদ্ধারপূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে উপজেলার খাসিয়ামারা নদীর টিলাগাঁও নৌকাঘাটে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চানপুর (আবরহাটি) গ্রামের মোঃ আমীর হোসেনের পুত্র মোঃ রাদেন মিয়া (২২), উপজেলার বোগলাবাজার ইউনিয়নের আন্ধাইরগাঁও গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র আব্দুল কাদির (২৭), বাঘাহানা গ্রামের -মোঃ করিম খানের পুত্র বাচ্চু খান (৪৫), মৃত লোকমান শেখের পুত্র মোঃ আফসর উদ্দিন (৫০)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের হেফাজতে থাকা ২২টি ভারতীয় গরু এবং গরু পরিবহনে ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত নৌকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত সর্বমোট ৩৬টি ভারতীয় গরু ও ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৮ জন গরু চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় গরু বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এম সি




