ছবি : সংগৃহীত
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোফাজ্জল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।গতকাল শনিবার রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা গ্রামের একটি বেকারিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোফাজ্জল হোসেন পূর্বধলা থানার খলিশাউর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত মরমুজ ফকিরের ছেলে। তিনি জালশুকা গ্রামের মো. আব্দুল কাদিরের মালিকানাধীন কাদির বেকারিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট হলে মোফাজ্জল বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বেকারির মালিক মো. আব্দুল কাদির বলেন, ‘মোফাজ্জলের আগে থেকেই হৃদরোগ ছিল। শর্ট সার্কিটের পর তিনি স্ট্রোক করে পড়ে যান। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।’ঘটনার পর নিহতের স্বজনরা তার মরদেহ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যান।
খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পূর্বধলা থানার ওসি (তদন্ত) নুরুল আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’
জৈন্তাবার্তা / সুলতানা




