দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৯ AM

দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৬/২০২৫ ১০:৪২:২১ AM

দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা


ত্যাগ আর উৎসর্গের আদর্শে মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ। আরবি মাসের ১০ জিলহজ তারিখে এই ঈদ উদ্‌যাপিত হয়। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটসহ সারাদেশে মুসলিম সম্প্রদায় দিনটি উদযাপন করছে। মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করছেন।

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।

ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে আসছে। সকালে মুসল্লিরা কাছাকাছি ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেছেন। খতিব নামাজের খুতবায় তুলে ধরেন কোরবানির তাৎপর্য। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী-গরিব নির্বিশেষে সবাই একত্রে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা।

ঈদুল আজহার সঙ্গে পবিত্র হজের সম্পর্ক রয়েছে। মক্কার অদূরে আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় হজ পালন করেছেন।

স্থানীয় হিজরি মাস গণনা অনুযায়ী শুক্রবার সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সকালে মুজদালিফা থেকে ফিরে হাজিরা মিনায় অবস্থান করে পশু কোরবানিসহ হজের অন্য কার্যাদি সম্পাদন করেছেন। সৌদি আরবের সঙ্গে মিলিয়ে পৃথিবীর বহু দেশ আজ ঈদুল আজহা উদযাপন করছে।

ঈদুল আজহা হজরত ইব্রাহিম (আ.) ও তার পুত্র হজরত ইসমাইলের (আ.) সঙ্গে সম্পর্কিত। হজরত ইব্রাহিম (আ.) স্বপ্নে আদিষ্ট হয়ে পুত্র ইসমাইলকে আল্লাহর উদ্দেশে কোরবানি করতে গিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে এই আদেশ ছিল হজরত ইব্রাহিমের জন্য পরীক্ষা। তিনি পুত্রকে আল্লাহর নির্দেশে জবাই করার সব প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। ইসলামে বর্ণিত আছে, নিজের চোখ বেঁধে পুত্র ইসমাইলকে ভেবে যখন জবেহ সম্পন্ন করেন, তখন চোখ খুলে দেখেন ইসমাইলের পরিবর্তে পশু কোরবানি হয়েছে, যা এসেছিল আল্লাহর পক্ষ থেকে।

সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি ধারণ করেই হজরত ইব্রাহিমের (আ.) সুন্নত হিসেবে পশু জবাইয়ের মধ্য দিয়ে কোরবানির বিধান এসেছে ইসলামি শরিয়তে। সেই মোতাবেক প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য পশু কোরবানি করা ওয়াজিব। ইসলামে কোরবানি খুবই তাৎপর্যপূর্ণ।

এবার ঈদের ছুটি সরকারি কর্মীদের জন্য চলবে ১৪ জুন পর্যন্ত। সব মিলিয়ে এবারের ঈদে মিলেছে ১০ দিনের ছুটি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী