মৌলভীবাজারের বড়লেখা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ও বড়লেখা প্রেসক্লাবভুক্ত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (২০ জুন) রাত ৯টায় থানা কমপ্লেক্সে ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত শনিবার (১৪ জুন) তিনি বড়লেখা থানায় ওসি হিসেবে যোগদান করেন।
শুক্রবার মতবিনিময়কালে সাংবাদিকরা উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান, চুরি, ছিনতাই ও প্রবাসীদের হয়রানিসহ নানা সমস্যা তুলে ধরে তা সমাধানের পরামর্শ দেন।
এসব সমস্যার কথা শুনে তা নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। সবাই মিলে একটি শান্তির উপজেলা গড়তে চাই। যেখানে হানাহানি, দাঙ্গা, অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল হবে। প্রত্যেক মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করবে পুলিশ।
তিনি সবাইকে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের আহ্বান জানান। এসময় সাংবাদিকরা সবধরনের অপরাধ নির্মূলে সহযোগিতা করার আশ্বাস দেন।
সভায় থানার সেকেন্ড অফিসার এসআই রতন কুমার হাওলাদার, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সহ-সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক লিটন শরিফ, আজাদ বাহার জামালি, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ জে লাভলু, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ মস্তফা উদ্দিন, সদস্য তাহমীদ ইশাদ রিপন, ফয়ছল মাহমুদ, আশফাক আহমদ, রেদোয়ান আহমদ রুম্মান, সিরাজুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/আরআর




