ফাইল ফটো
চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের স্টারশিপ এলাকায় একটি ব্রিজ ভেঙে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার দিবাগত রাতে পানির ঢলে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে ঝুঁকি নিয়ে সড়কের একপাশ দিয়ে যানবাহন চলাচল করছে। ভাঙা অংশ ঘিরে লাল ফিতা দিয়ে বেষ্টনি তৈরি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম। তিনি জানান, দুর্ঘটনা এড়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। ফলে উভয় পাশে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ও নাজিরহাট রুটের ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে।
এদিকে, পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত নগরে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
টানা বর্ষণে নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিস ও স্কুলগামীরা। সড়কে যানবাহনের সংখ্যা কম থাকায় নগরবাসীকে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে।
জৈন্তাবার্তা / সুলতানা




