সংগৃহিত
সিরাজগঞ্জের সলঙ্গার রাধানগর এলাকা থেকে ২৯০ পিস ভয়াবহ মাদক বুপ্রেনরফিনসহ ফিরোজুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।সোমবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রোববার রাত ১২টার দিকে জেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার রাধানগর এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক ফিরোজুল ইসলাম সিরাজগঞ্জ শহরের ইবি রোড এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সলঙ্গা থানার রাধানগর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এসময় নঁওগা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একতা পরিবহন বাসে তল্লাশি চালিয়ে মাদককারবারি ফিরোজুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে নেশাজাতীয় ২৯০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন জব্দ করা হয়।
তিনি আরও বলেন, একজন পেশাদার মাদক কারবারি ফিরোজুল ইসলাম। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। এই ভয়াবহ ইনজেকশনটি নেয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর শরীরে নেশার প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে প্যাথেডিন এবং হেরোইন নিয়েও যাদের কাজ হয় না, তারা এই ভয়াবহ মাদকটি ব্যবহার করে। আটক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
জৈন্তাবার্তা / সুলতানা




