ছবি:সংগৃহীত
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখায় শ্রেণিকক্ষে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে দক্ষিণ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শম্ভু দেবনাথকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের সময় বিভিন্ন অযুহাতে ছাত্রীদের অশালীন আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। সম্প্রতি চতুর্থ শ্রেণির এক ছাত্রী রুমান্নাকে শ্লীলতাহানির পর ভয় দেখালে সে বিষয়টি তার অভিভাবককে জানায়। পরে অভিভাবক স্কুলে গিয়ে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনেন। এসময় অন্যান্য ছাত্রীও একই ধরনের অভিজ্ঞতার কথা তুলে ধরলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে শিক্ষক শম্ভু দেবনাথকে তার বাড়িতে আট ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে রাতে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরদিন (১৩ নভেম্বর) ভুক্তভোগী ছাত্রীর বাবা ইমদাদুল হক থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে শিক্ষক শম্ভু দেবনাথকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। শিক্ষককে আটক করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সহকারী শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করা হয়েছে।’
এদিকে দক্ষিণ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসিবুল ইসলাম বলেন, ‘ছাত্রীদের ভয়-ভীতি কাটানোর জন্য দ্রুত অভিভাবকদের নিয়ে একটি সভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি।’
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী শিক্ষক শম্ভু দেবনাথের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




