ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল কাশেম এবার উপজেলার শ্রেষ্ঠ ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং গ্রাম আদালত সক্রিয়করণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তার হাতে পুরস্কার তুলে দেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহায়তায় উপজেলা সভাকক্ষে ‘বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আবুল কাশেমকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বাংলাদেশ গ্রাম আদালত জুড়ী উপজেলার সমন্বয়কারী দিবাকর চন্দ্র দাস, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ মিয়া, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম শেলু, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, সাগরনাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন ও আরও অনেকে।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ইউপি সদস্য আবুল কাশেম বলেন,‘এই সম্মান আমার একার নয়, পুরো বেলাগাঁওবাসীর। যতদিন বাঁচব মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে যাব।’
‘তার উদ্যোগ অন্যদের অনুপ্রাণিত করবে’ সদ্য সাবেক সমন্বয়কারী সম্পা রানী দেব বলেন‘গ্রাম আদালত কার্যক্রমে আবুল কাশেম যেভাবে কাজ করেছেন তা সত্যিই অনুকরণীয়। তার উদ্যোগ অন্য সদস্যদেরও অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।’
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন,‘নিজ এলাকার উন্নয়ন ও গ্রাম আদালত সক্রিয়করণে আবুল কাশেমের ভূমিকা প্রশংসনীয়। সে কারণেই তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




