ছবি : সংগৃহীত
ভয়াবহ ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরুতেই দেশে আবারও ভূকম্পন রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে সাভার ও গাজীপুরের মাঝামাঝি বাইপাইল এলাকায় কম্পনটি রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ জানিয়েছেন, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, ইশ্বরপুরে মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির সৃষ্টি।
এর আগে শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ আশপাশের অঞ্চল। ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় শতাধিক।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, শুক্রবার ১০টা ৩৮ মিনিটে রেকর্ড করা সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টারের প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত। এর কোঅর্ডিনেট ছিল উত্তর অক্ষাংশ ২৩.৭৭° এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯০.৫১°।
জৈন্তা বার্তা/আরআর




