সংগৃহীত ছবি
লালমনিরহাটের পাটগ্রামের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সবুজ ইসলাম (৩০) নামের ওই যুবকের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।বুধবার (৪ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত সবুজ পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পঁচাভান্ডার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী জানায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ফুলকাডাবরী গ্রামের খালপাড়া এলাকা বিপরীতে বাংলাদেশের জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার সীমান্ত এলাকা। বুধবার গভীর রাতে উভয় দেশের সীমান্তের প্রধান পিলার ৮৬৪ নম্বরের ৫ নম্বর উপপিলারের কাছ দিয়ে বাংলাদেশ ও ভারতের ৮ থেকে ১০ জন গরু পারাপারকারি গরু আনা-নেয়ার চেষ্টা করে। এ সময় বাংলাদেশি গরু পারাপারকারীরা ভারতীয় অংশের প্রায় ৩০ গজ অভ্যন্তরে চেনাকাটা সীমান্ত এলাকায় যায়। সেখানে ভারতের ১৬৯ কোচবিহার রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের দেখে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে বাংলাদেশি যুবক সবুজ ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
বিষয়টি জানতে পেরে বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) শমসেরনগর ক্যাম্পের কমান্ডার ও টহলদল ঘটনাস্থলে যায়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে চেনাকাটা ক্যাম্পের বিএসএফ কমান্ডারকে পতাকা বৈঠকের আহবান জানিয়ে চিঠি দেয় শমসেরনগর বিজিবি কোম্পানি কমান্ডার।
জৈন্তাবার্তা / সুলতানা




