ছবি : সংগৃহীত
চলতি বছর দেশে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা কিছুটা বেশি থাকছে। ডিসেম্বরের মাঝামাঝি সময় এলেও এখনো তীব্র শীত বা ঘন কুয়াশার পরিস্থিতি তৈরি হয়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনেও বড় ধরনের শীতের কোনো সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, শনিবার পর্যন্ত সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়লেও রাত ও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আভাস নেই বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিন ধরে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ দশমিক ৫ ডিগ্রির মধ্যে রয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, দিনের তাপমাত্রা ২৭–২৮ ডিগ্রির মধ্যে থাকলেও রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে কম। গত কয়েকদিন ধরে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও আপাতত তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, সাধারণত এই সময়ে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হলেও এবার তা সক্রিয় নয়। ওপরের স্তরের ঠান্ডা বাতাসও বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে না, ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে না।
জৈন্তা বার্তা/আরআর




