সংগৃহীত ছবি
সুনামগঞ্জ-৩ আসনে দীর্ঘদিন ধরে সংসদ সদস্য হিসেবে নিজের প্রার্থীতা প্রচার করে আসছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি ওয়াক্কাস অংশের কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের হাত ধরে দলটিতে যোগদান করেন তিনি। এরই সাথে সাথে জমিয়তের সাবেক নেতায় পরিণত হয়েছেন জগন্নাথপুর উপজেলার এই নেতা। খবরটি নিশ্চিত করেছেন সৈয়দ তালহা আলম নিজেই। রাত ৮টায় মুঠোফোনে এক বার্তা ও ছবি পাঠিয়ে খবরটি নিশ্চিত করেন তিনি। জগন্নাথপুরের বাসিন্দা সৈয়দ তালহার এই সিদ্ধান্তে সুনামগঞ্জ-৩ আসনে আরও একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী যুক্ত হলেন।
সৈয়দ তালহা আলম বলেন, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক সহিংসতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। বিশেষ করে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা একটি নৈতিক সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে। এই ঘটনা স্পষ্টভাবে বুঝিয়েছে- বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার বিপরীতে একটি সাহসী, প্রো-বাংলাদেশি ও নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি গড়ে তোলা জরুরি। সেই বিশ্বাস থেকেই আমার বাংলাদেশ পার্টিতে যোগ দিয়েছি এবং পরিবর্তনের পথে কাজ করতে চাই। সুনামগঞ্জ-৩ আসনে এই দল থেকেই নির্বাচন করবো। আশা করছি, সাধারণ মানুষ আমাকে মন থেকে সাপোর্ট করবেন।
আমার বাংলাদেশ (এবি) পার্টির সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. জসিম উদ্দিন সৈয়দ তালহা আলমের যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের দলের লক্ষ্য, আদর্শ, সাম্য ও মানবিক মূল্যবোধের বিষয়ে জেনে বুঝে তিনি এবি পার্টিতে যোগ দিয়েছেন এবং সুনামগঞ্জ-৩ আসন থেকে আমাদের দলীয় প্রতীক ঈগল মার্কা নিয়ে নির্বাচন করবেন। তিনি বলেন, তালহা আলমের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় দলীয় কাঠামো জোরদার করা হবে। এতে করে আগামী জাতীয় নির্বাচনে এবি পার্টি ও গণতান্ত্রিক সংস্কার জোট সুনামগঞ্জ অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আমরা আশা করি।
আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী নাছির বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যায় আমাদের কার্যালয়ে এসে ফরম পূরণ করে দলে যোগদান করেছেন সৈয়দ তালহা আলম। আমরা জানি, তিনি তার আসনে জনপ্রিয় একজন নেতা। আশা করছি, সুনামগঞ্জ-৩ আসন তিনি আমাদের উপহার দেবেন।
জৈন্তাবার্তা / সুলতানা




