জগন্নাথপুরে গাড়ি স্ট্যান্ডের ভাড়া নিয়ে দুই গ্রামের সংঘ*র্ষ, আহ*ত ৩০
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৯ AM

জগন্নাথপুরে গাড়ি স্ট্যান্ডের ভাড়া নিয়ে দুই গ্রামের সংঘ*র্ষ, আহ*ত ৩০

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/১২/২০২৫ ০৮:০৪:২৮ PM

জগন্নাথপুরে গাড়ি স্ট্যান্ডের ভাড়া নিয়ে দুই গ্রামের সংঘ*র্ষ, আহ*ত ৩০

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে গাড়ি স্ট্যান্ডের ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চিলাউড়া-লদিপুর ইউনিয়নের স্বজনশ্রী ও বাউধরন গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে রানীগঞ্জ পশ্চিম বাজার গাড়ি স্ট্যান্ড কর্তৃপক্ষ রানীগঞ্জ থেকে বাউধরন রোডে চলাচলকারী যানবাহনের ভাড়া ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করে। এতে বাউধরন ও স্বজনশ্রী গ্রামের লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সদস্য বাউধরন গ্রামের সালেহ উদ্দিন আহমদ গাড়ি ভাড়া পুনরায় ৩০ টাকা নির্ধারণ করেন। এতে উভয় গ্রামের টমটম চালকদের মধ্যে আবারও বিরোধের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বাউধরন গ্রামের মুজিব মার্কেট এলাকার গাড়ি স্ট্যান্ড থেকে স্বজনশ্রী গ্রামের টমটমগুলো বের করে দেওয়া হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খাড়ারপার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বদরুদ্দোজা জানান, সংঘর্ষে আহত ৩০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ