প্রতীকী ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর–চুনারুঘাট আসনে নির্বাচনকে উৎসবমুখর করতে ইতিবাচক প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানো, ভোটকেন্দ্রমুখী করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করাই এ প্রচারণার মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলটির নেতারা।নির্বাচন ঘিরে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা সভা-সমাবেশ, গণসংযোগ ও পথসভা করছেন। এসব কর্মসূচিতে ভোটারদের উদ্দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক দায়িত্বের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। নেতাকর্মীরা বলছেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন—সে পরিবেশ তৈরিতেই তারা মাঠে কাজ করছেন।
দলীয় সূত্র জানায়, প্রতিটি সভা ও গণসংযোগে ভোটারদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণে অংশ নিতে আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে নির্বাচনকে উৎসবমুখর করতে নেতাকর্মীরা গ্রাম-গঞ্জে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন। তাদের প্রত্যাশা, সাধারণ মানুষ ব্যাপকভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের মতামত প্রকাশ করবেন।মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রকে ধ্বংস করে গেছে। দীর্ঘদিন মানুষ তাদের মত প্রকাশের সুযোগ পায়নি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি বহু সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছে। এবার আমরা চাই মাধবপুর–চুনারুঘাটের সব মানুষ নির্ভয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করুন। সে লক্ষ্যেই নির্বাচনকে উৎসবমুখর করতে প্রচারণা চালাচ্ছি।”
জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, “বিগত সময়ে দেশের মানুষ ভোট দিতে পারেনি। এবার যেন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন—এটাই সবার প্রত্যাশা। এ ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। নির্বাচন উৎসবমুখর করতে মাধবপুর–চুনারুঘাটে বিএনপির নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন।”
চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান, দেশের আপামর জনগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিকভাবে তাদের মতামত প্রকাশ করুক। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজের অধিকার প্রয়োগ করেন—এ আহ্বান জানাচ্ছি।”
এ বিষয়ে মাধবপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার জাহিদ বিন কাসেম বলেন, “সরকার চায় দেশের ইতিহাসে একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও অনুকূল পরিবেশ তৈরিতে আমরা কাজ করছি।”
জৈন্তাবার্তা/সুলতানা




