হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ PM

হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ০১:৫০:০৪ PM

হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক

ফাইল ছবি


হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে চলাচলকারী বাস আটকে রাখা, ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

হবিগঞ্জ মোটর গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বুধবার ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্মঘট চলাকালে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

আবু মঈন চৌধুরী সোহেল বলেন, হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর-সিলেট পথে দীর্ঘদিন ধরে হবিগঞ্জের পরিবহন মালিকেরা বাস পরিচালনা করে আসছেন। তবে গত বছরের অক্টোবর থেকে মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের একটি অংশ বাস চলাচলে বাধা দিচ্ছে। এ নিয়ে দুই জেলার পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ তৈরি হয়।

তিনি জানান, পরে জাতীয় সংসদের হুইপ জি কে গউছের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়। তখন হবিগঞ্জের বাসগুলো আগের মতো চলাচল করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মোটর গ্রুপের সাধারণ সম্পাদক বলেন, চলতি বছরের ১০ মে কোনো ধরনের পূর্ব যোগাযোগ ছাড়াই মৌলভীবাজারের এসএমএস মালিক-শ্রমিকদের পক্ষ থেকে শেরপুর এলাকায় হবিগঞ্জের একটি বাস আটকে দেওয়া হয়। এতে দুই জেলার পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে আবার উত্তেজনা তৈরি হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। হুইপ জি কে গউছের উদ্যোগে অনুষ্ঠিত ওই বৈঠকে সংসদ সদস্য সাখাওয়াত হাসান জীবন, আব্দুল মালেক, নাসের রহমান ও এমরান আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাসহ তিন জেলার পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা বৈঠকে অংশ নেন।

বৈঠকে হবিগঞ্জ থেকে সিলেট হয়ে মৌলভীবাজারের পথে বাস চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত হয়। তবে শ্রীমঙ্গলে হবিগঞ্জের বাস কোনো যাত্রী ওঠানো-নামানোর স্টপেজ দিতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর কিছুদিন ওই সিদ্ধান্ত অনুযায়ী বাস চলাচল করে।

এদিকে হবিগঞ্জ মোটর গ্রুপের অভিযোগ গত ১১ সেপ্টেম্বর মৌলভীবাজারের এসএমএস মালিক-শ্রমিকদের পক্ষ থেকে হবিগঞ্জের ২২টি বাস আটকে রাখা হয়। এতে ওই পথে আবার বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পরে ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ের একটি সমঝোতা বৈঠকে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। তবে এরপরও দুই জেলার পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধ পুরোপুরি কাটেনি বলে দাবি করেছেন হবিগঞ্জের পরিবহন নেতারা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”