গণভোটে হ্যাঁ ভোট দিন: সুনামগঞ্জে ধর্ম উপদেষ্টা
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৯ PM

গণভোটে হ্যাঁ ভোট দিন: সুনামগঞ্জে ধর্ম উপদেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৬ ০২:৫৯:৩৮ PM

গণভোটে হ্যাঁ ভোট দিন: সুনামগঞ্জে ধর্ম উপদেষ্টা


সুনামগঞ্জে গণভোট সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় বেলা ১১টায় শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতি পুনরুদ্ধার ও ফ্যাসিজমকে বিদায় করতে হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ ভোট দিতে হবে। এ দেশের কেউ ক্ষমতা ছাড়তে চায় না। তাই গণভোটের মাধ্যমে এই হীন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তবেই রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি আসবে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এবারের গণভোটে 'হ্যাঁ' বিজয়ী হলে সর্বগ্রাসী ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কোনো প্রার্থীর পক্ষে কোনোভাবেই কোনো শিক্ষক, ইমাম ও কর্মকর্তা-কর্মচারীগণ প্রভাবিত করতে পারবেন না। কোনো সমস্যা হলে প্রশাসনকে ফোন দেবেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ ইউসুফের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম ও ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোশারফ হোসেন।

উপস্থিত নাগরিকদের পক্ষে বক্তব্য দেন জেলা অধ্যক্ষ (অব.) ন্যাথালিয়ান ফেয়ার ক্রস, কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মফিজুর রহমান, মন্দির ভিত্তিক স্কুলের প্রশিক্ষক সুবিমল চক্রবর্তী প্রমুখ।

উম্মুক্ত আলোচনায় বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন, ইসলামী আন্দোলনের প্রার্থী শহীদুল ইসলাম পলাশী, সুনামগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন, খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা ও শিক্ষক মাওলানা হাবিবুর রহমান।

পরে ২য় পর্বে জেলা ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে দুটি ব্যালট পেপার থাকবে। একটি সাদা, অন্যটি গোলাপি। সাদা ব্যালট পেপারের মাধ্যমে সবাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। গোলাপি রঙের ব্যালটে জুলাই সনদের পক্ষে-বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ আছে। জুলাই বিপ্লবের চেতনাকে প্রতিষ্ঠিত করার দায়বদ্ধতা থেকে গণভোটে 'হ্যাঁ' ভোট প্রদানে জনসচেতনতা তৈরি করুন।

তিনি আরও বলেন, মনে রাখবেন- দেশের চাবি আপনার হাতে। অতীতে আমরা দেখেছি সরকারি দল ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করেছেন। আপনারা গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে থাকলে আগামীতে কোনো সরকার দলের প্রয়োজনে ইচ্ছা অনুযায়ী সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন করার প্রয়োজন হলে গণভোট আবশ্যক হবে। এ ছাড়া জাতীয় সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হবে। ব্রিটেন, আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে সংসদে এরূপ উচ্চকক্ষ রয়েছে।

এর আগে ভোটের গাড়ি 'সুপার ক্যারাভান' এর মাধ্যমে গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রচার করা হয়।

জৈন্তা বার্তা/আরআর