মাধবপুর চুনারুঘাটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন চায় বি এ ন পি নেতাকর্মীরা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৫ AM

মাধবপুর চুনারুঘাটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন চায় বি এ ন পি নেতাকর্মীরা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৬ ০৩:৫২:৫০ PM

মাধবপুর চুনারুঘাটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর  নির্বাচন চায় বি এ ন পি নেতাকর্মীরা

ছবিঃ নিজস্ব


হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন। আজ বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের পত্র গ্রহণ করা হয়। জেলা রিটার্নিং অফিসার ও হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের কাছ থেকে প্রার্থীর পক্ষে সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান এই প্রতীক বরাদ্দের কাগজ গ্রহণ করেন।

প্রতীক পাওয়ার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার থেকেই মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় দলীয় নেতাকর্মীরা নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রচারণা শুরু করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। গ্রাম, হাটবাজার, চা-বাগান ও বিভিন্ন জনবহুল এলাকায় লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, “মাধবপুরে বিএনপি একটি শক্তিশালী ও সংগঠিত দল। আমরা এবারের জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে চাই। উপজেলার প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেব। আমাদের লক্ষ্য, প্রতিটি ভোটার যেন নির্ভয়ে ও আনন্দের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।” তিনি আরও জানান, সব প্রার্থী যেন সমান সুযোগ পান সে বিষয়ে তারা সচেতন থাকবেন এবং আচরণবিধি মেনে প্রচারণা চালাবেন।

চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান বলেন, “দীর্ঘদিন পর দেশে একটি কাঙ্ক্ষিত ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চুনারুঘাটের ১০টি ইউনিয়ন, পৌরসভা ও ১৮টি চা-বাগানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে আমরা ঘরে ঘরে যাব। ইতোমধ্যেই স্বচ্ছতা ও সততার প্রতীক সৈয়দ মোঃ ফয়সলকে নিয়ে দলমত নির্বিশেষে জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।”

বেজুড়া গ্রামের সনাতন সমাজের নেতা অরুণ কুমার নাগ বলেন, “সৈয়দ মোঃ ফয়সল একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। এলাকার উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার স্বার্থে দলমত নির্বিশেষে মানুষ তাকে সমর্থন করছে। আমরা আশা করি তিনি নির্বাচিত হলে এই অঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল প্রতীক বরাদ্দ পাওয়ার প্রতিক্রিয়ায় বলেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে আমি মাধবপুর ও চুনারুঘাটকে সারাদেশের জন্য একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এবারের নির্বাচনে দলমতের ঊর্ধ্বে উঠে আমি সবার সমর্থন ও ভোট ধানের শীষ প্রতীকে কামনা করছি। জনগণের ভালোবাসা ও সহযোগিতায় বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী।”

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে