ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের চা বাগান অধ্যুষিত এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা জোরদার হচ্ছে। এ প্রচারণার অগ্রভাগে রয়েছেন বিএনপি নেতা ও শিল্পপতি সৈয়দ শাফকাত আহমেদ। ২৩টি চা বাগানে দিনভর শ্রমিকদের সঙ্গে সময় কাটিয়ে তিনি সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
সোমবার চুনারুঘাট উপজেলার গিলানি দেউন্দি চা বাগানে দিনব্যাপী গণসংযোগকালে সৈয়দ শাফকাত আহমেদ শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। এ সময় তিনি হবিগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তার উপস্থিতিতে চা শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শ্রমিকরা আন্তরিকভাবে তাকে স্বাগত জানান এবং নিজেদের সুখ-দুঃখের কথা ভাগ করে নেন।
চা শ্রমিকরা জানান, সৈয়দ শাফকাত আহমেদ দীর্ঘদিন ধরেই চা বাগানের মানুষের পাশে রয়েছেন। শিক্ষা বিস্তার ও কর্মসংস্থান সৃষ্টিতে তিনি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন। এক শ্রমিক বলেন, ‘তিনি আমাদের পরিবারের একজন সদস্যের মতো। বিপদে-আপদে পাশে দাঁড়ান। তাই আমরা মন থেকে চাই ধানের শীষ বিজয়ী হোক।’
চা শ্রমিক নারী নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার বলেন, ‘সৈয়দ শাফকাত আহমেদ একজন মানবতাবাদী মানুষ। তিনি শ্রমিকদের সঙ্গে মিশে আমাদের আপন করে নিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে আমরা চা বাগানের মানুষ নিরাপত্তা ও ভবিষ্যৎ উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পান বলেন, ‘খেলাধুলা, সামাজিক কার্যক্রম ও শ্রমিকদের বিভিন্ন সমস্যায় সৈয়দ শাফকাত আহমেদ সব সময় পাশে থাকেন। তার উদ্যোগে অনেক শ্রমিক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। বাগানের মানুষ এবার তার ভালোবাসার টানে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।’
সৈয়দ শাফকাত আহমেদ বলেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হলেও দীর্ঘদিন ধরে তারা অবহেলিত। বিএনপি সরকার গঠন করতে পারলে চা শ্রমিকদের ন্যায্য অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নিরাপদ জীবন নিশ্চিত করা হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




